অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা হয়েছে।
আজ রোববার সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক এই নয়টি ব্যাংক অন্তর্ভুক্ত রয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, খেলাপি ঋণ কমিয়ে আনার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, 'ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাপি ঋণের উচ্চহার কমানো প্রয়োজন।'
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও খেলাপি ঋণ কমানোর কথা বলা হয়েছে।
এদিকে, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের শাসনামলে মুজিব বর্ষ উদযাপনে প্রায় ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা খরচ করা হয়েছে।
মন্ত্রী জানান, এসব অর্থ বিভিন্ন সরকারি অফিসে শেখ মুজিবুর রহমানের ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ, ছবি ও বেদি তৈরি এবং জাতীয় পর্যায়ে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরির জন্য ব্যয় করা হয়েছে।