বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ব্যাংকিং খাতে স্থিতিশীলতার জন্য ৪ বছরের সংস্কার পরিকল্পনা

বাংলাদেশ ব্যাংক চার বছরের সমন্বিত সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফেরাতে।

ব্যাংকিং খাতে স্থিতিশীলতার জন্য ৪ বছরের সংস্কার পরিকল্পনা

বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও জনআস্থা ফেরাতে চার বছরের সমন্বিত সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার আওতায় সমস্যাগ্রস্ত ব্যাংকের সম্পদের মান যাচাই, পর্ষদ পুনর্গঠন এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকিং খাতের প্রকৃত দুর্বলতা চিহ্নিত করতে আন্তর্জাতিক পদ্ধতিতে সম্পদের গুণগত মান যাচাই করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নাম-বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করে পাচার করেছে। গত আওয়ামী আমলের বেশিরভাগ ঋণ এখন খেলাপি হয়ে পড়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার প্রায় ৩৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকগুলোর অনেক তথ্য গোপন রাখা হতো। তবে চব্বিশের আগস্টে সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক খাতে ফরেনসিক অডিটের উদ্যোগ নেয়, যা খেলাপি ঋণের প্রকৃত চিত্র উন্মোচন করে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘কার্পেটের নিচের যে ময়লা সেটা উন্মুক্ত হয়েছে। সে কারণেই ব্যাংকিং খাতের অনেক নেতিবাচক চিত্র আমাদের সামনে এসেছে। বিগত সময়ের কর্মকাণ্ডের ফলাফল হচ্ছে এই ক্লাসিফাইড লোন এবং পূঁজির ঘাটতি।’

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং খাতে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা পূরণে চার বছর সময় লাগতে পারে। ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ কমবে বলে আশা করছে সংস্থাটি।

আরিফ হোসেন খান বলেন, ‘কোনো বিভ্রান্তিকর অপতথ্য দ্বারা প্রভাবিত হয়ে ভ্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ব্যাংকিং সেক্টর আগামীতে আরও শক্তিশালী হবে এবং শক্তিশালী অর্থনীতি গঠনে অবদান রাখবে।’ তিনি তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন এবং আমানতকারীদের আস্থা রাখতে আহ্বান জানান।

বিজ্ঞাপন