সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

নতুন শিক্ষাক্রমে শিক্ষক গাইড ও ভিডিও লেসন অন্তর্ভুক্ত হবে

নতুন শিক্ষাক্রমে শিক্ষক গাইড, ওয়ার্কবুক ও ভিডিও লেসন অন্তর্ভুক্ত হবে।

নতুন শিক্ষাক্রমে শিক্ষক গাইড ও ভিডিও লেসন অন্তর্ভুক্ত হবে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকার নতুন প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে একটি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে।

তিনি জানান, নতুন শিক্ষাক্রমে শুধুমাত্র পাঠ্যবই নয়, প্রতিটি বিষয়ের সঙ্গে শিক্ষক গাইড, ওয়ার্কবুক, রেমিডিয়াল গাইড এবং ভিডিও লেসন অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে এবং বাইরেও সমানভাবে শেখার সুযোগ পাবে।

রোববার ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন পাঠ্যপুস্তকের কাঠামো চূড়ান্তকরণের কর্মশালায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে ঘোষণা করেছেন। ২০২৮ সালের জন্য যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় শিক্ষাক্রম প্রণয়নের কাজ চলছে।

নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মুখস্থনির্ভর শিক্ষা থেকে বের করে দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা, নেতৃত্ব, দলগত কাজ, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্ব দেওয়া হবে।

ববি হাজ্জাজ জানান, সংস্কৃতি শিক্ষা ও ক্রীড়া শিক্ষা নতুন প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংস্কৃতি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় পরিচয়ের সঙ্গে পরিচিত হবে।

তিনি উল্লেখ করেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাস্তবতা বিবেচনায় কার্যকরভাবে কারিকুলাম প্রণয়ন করা হবে।

বিজ্ঞাপন