ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে তিনি ঢামেকের ক্যাম্পাসে পৌঁছান।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করতে বেলুন ও কবুতর উড়িয়ে দেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবের আবহ সৃষ্টি হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় ঢামেকে নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।
এরপর, শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। এই অনুষ্ঠানে স্বাস্থ্য খাত সম্পর্কিত একাধিক প্রকল্পের ঘোষণা দেয়ার কথা রয়েছে।
এছাড়াও, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন, যিনি ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী।