কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিন পার্বত্য জেলা এবং কক্সবাজারের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানিবন্দি কয়েক লাখ মানুষ চরম বিপদের সম্মুখীন হয়েছেন।
সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি উপচে বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানিবন্দি লাখ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছেন। এই অবস্থায় চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
প্রশাসন এবং দুর্গম এলাকায় সেনাবাহিনী ও বিজিবি ত্রাণ সহায়তা প্রদান করছে। তবে, কিছু এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছাতে পারেনি। রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়িসহ নিচু এলাকাগুলো এখনও জলাবদ্ধ রয়েছে।
বাঘাইছড়িতে পাহাড়ের মাটি ধসে প্রায় তিন কিলোমিটার সড়ক বন্ধ হয়ে যাওয়ায় খাগড়াছড়ি, দীঘিনালা হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
থেমে থেমে বৃষ্টি হলেও খাগড়াছড়ির জলমগ্ন এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। চেঙ্গী নদী ও আশপাশের ছড়া-খালের পানি কমে গেছে, ফলে যান চলাচল শুরু হয়েছে। তবে, ছোট মেরুং ইউনিয়নে এখনও জলমগ্ন হাজারও পরিবার রয়েছেন।
এদিকে, ভারী বৃষ্টি কমলেও কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল এখনও প্লাবিত রয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা নিমজ্জিত হয়েছে।
যদিও পানি নামতে শুরু করেছে, তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বাসিন্দাদের চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।