শনিবার, ১১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিমসটেকের নতুন উদ্যোগে আন্তঃসীমান্ত নিরাপত্তা জোরদার

বিমসটেক সদস্য রাষ্ট্রগুলো আন্তঃসীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিচ্ছে।

বিমসটেকের নতুন উদ্যোগে আন্তঃসীমান্ত নিরাপত্তা জোরদার

আন্তঃসীমান্ত নিরাপত্তা জোরদারে সদস্য রাষ্ট্রগুলো নিয়ে মানবপাচার প্রতিরোধ, প্রত্যর্পণ সহযোগিতা বৃদ্ধি ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর বিষয়ে উদ্যোগ নিচ্ছে বঙ্গোপসাগর সংলগ্ন ৭ দেশের আঞ্চলিক জোট বিমসটেক।

আগামী ১৬ জুলাই শুরু হতে যাওয়া ৫ম বিমসটেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠকে বিষয়গুলোর উপর চূড়ান্ত সিদ্ধান্তে আসবে জোট সংস্থাটি। বিমসটেক প্রতিষ্ঠার ৩০ বছরে আঞ্চলিক সহযোগিতার সুস্পষ্ট কর্মপরিকল্পনা ও কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করেছে।

বৈঠকে মানবপাচার প্রতিরোধ, প্রত্যর্পণ সহযোগিতা ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর বিষয়ে আলোচনা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে। তিনি বলেন, নিরাপত্তা খাতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ মাদক পাচার, মানবপাচারসহ বিভিন্ন আন্তঃদেশীয় অপরাধ নিয়ে কাজ করে।

এছাড়া সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং বঙ্গোপসাগরভিত্তিক অন্যান্য অপরাধ প্রতিরোধেও তারা কাজ করছে। সন্ত্রাসবাদ, মাদক পাচার এবং অন্যান্য আন্তঃদেশীয় অপরাধ দমনে একটি কনভেনশন ইতোমধ্যে কার্যকর হয়েছে, যা সদস্য রাষ্ট্রগুলো বাস্তবায়ন করছে।

বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজনেও একমত হয়েছেন তারা। বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিমসটেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে, উল্লেখ করেন মহাসচিব।

তিনি বলেন, বাংলাদেশ বিভিন্ন খাতে বিমসটেকের গৃহীত নানা উদ্যোগ থেকে উপকার পেয়েছে, যা দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হয়েছে।

বিজ্ঞাপন