বঙ্গোপসাগর সংলগ্ন সাত দেশের আঞ্চলিক জোট বিমসটেক প্রতিষ্ঠার ৩০ বছরে প্রবেশ করছে। এই সময়ে তারা আঞ্চলিক সহযোগিতার জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা ও কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলেছে।
আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমসটেকের ৫ম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠক। এই বৈঠকে মানবপাচার প্রতিরোধ, প্রত্যর্পণ সহযোগিতা ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর বিষয়ে আলোচনা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে।
তিনি জানান, নিরাপত্তা খাতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ মাদকপাচার, মানবপাচারসহ বিভিন্ন আন্তঃদেশীয় অপরাধ নিয়ে কাজ করছে। সন্ত্রাসবাদ ও অন্যান্য অপরাধ দমনে একটি কনভেনশন ইতোমধ্যে কার্যকর হয়েছে।
বিমসটেক মহাসচিব বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় সহযোগিতার ক্ষেত্রে কোনও পার্থক্য হবে না, বাংলাদেশ এসডিজি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তিনি আরও জানান, বাংলাদেশ বিমসটেকের চেয়ার দেশ হিসেবে আঞ্চলিক সহযোগিতা জোরদারে নেতৃত্ব দিচ্ছে এবং বিমসটেক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে।
বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজনের ব্যাপারেও একমত হয়েছে। সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করা তার এখতিয়ারের মধ্যে পড়ে না বলে জানান তিনি।