রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মাভাবিপ্রবিতে সংঘর্ষের তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

মাভাবিপ্রবিতে সংঘর্ষের ঘটনার তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মাভাবিপ্রবিতে সংঘর্ষের তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখার সময় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত সদস্যের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে।

কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গত ৭ জুলাই রাতে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখাকে কেন্দ্র করে পরিসংখ্যান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা শুরুর আগে বসার স্থান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক সিনিয়র শিক্ষার্থীকে মারধরের অভিযোগের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।

এ সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুল কুদ্দুসসহ অন্তত ১০ জন আহত হন। আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এবং গুরুতর আহত একজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় প্রথম একাডেমিক ভবনের জানালার কাচ ও সামনের ফুলের টব ভাঙচুরেরও ঘটনা ঘটে। জরুরি সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন