মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অথবা আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
৮ জুলাই, বুধবার, এক জরুরি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে মেডিকেল পরীক্ষা কিংবা এ সংক্রান্ত অর্থ লেনদেন থেকেও বিরত থাকতে হবে।
রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি কঠোর নির্দেশনা দিয়ে মন্ত্রণালয় বলেছে, সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো এজেন্সি মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের সঙ্গে চুক্তি করতে পারবে না।
এছাড়া, কোনো কর্মীর পাসপোর্ট সংগ্রহ, মেডিকেল পরীক্ষা করানো কিংবা কোনো ধরনের অর্থগ্রহণ বা লেনদেন থেকেও বিরত থাকতে হবে। সরকার আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও নির্দেশনা জারি করলে তা গণমাধ্যম ও সরকারি মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ততদিন পর্যন্ত গুজব বা অননুমোদিত তথ্যের ভিত্তিতে কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রক্রিয়ায় অংশ না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
মালয়েশিয়া গমন-সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ জানাতে দেশের ভেতর থেকে ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করা যাবে।
এছাড়া, মালয়েশিয়া-সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মণ্ডলের সঙ্গে টেলিফোন, ই-মেইল বা মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে।