বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শহীদ আব্দুল্লাহর মা ফাতেমা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শহীদ আব্দুল্লাহর মা ফাতেমা তুজ জোহরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শহীদ আব্দুল্লাহর মা ফাতেমা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা ক্যানসারে আক্রান্ত সন্তান মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ।

এর ঠিক দুই সপ্তাহ পর ফাতেমা জানতে পারেন তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যানসারে আক্রান্ত। এরপর সাত মাস পর তিনি স্বামীকেও হারান, ফলে অসহায় হয়ে পড়েন ফাতেমা। ক্যানসারে আক্রান্ত সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়া, 'আমরা বিএনপি পরিবার'-এর আহবায়ক আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা চলমান রয়েছে। তখন থেকে বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এবং আতিকুর রহমানের মাধ্যমে জিসানের চিকিৎসার খোঁজ খবর নিতেন তিনি।

বর্তমানে বিএনপি চেয়ারম্যানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনা চলছে।

বিজ্ঞাপন