মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শীর্ষ বৈঠকের আগে ইউরোপের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি তুলে ধরতে ন্যাটো সদস্য দেশগুলো কয়েক হাজার কোটি ডলারের অস্ত্রচুক্তি ঘোষণা করতে যাচ্ছে।
৭ জুলাই, মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর প্রতিরক্ষা শিল্প ফোরামে এই চুক্তিগুলোর ঘোষণা দেওয়া হবে। এরপর ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে বৈঠক করবেন এবং সন্ধ্যায় শুরু হওয়া ন্যাটো সম্মেলনে অংশ নেবেন।
ন্যাটোর মহাসচিব মার্ক রুট জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষা ব্যয় অভূতপূর্ব বৃদ্ধি করেছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর সৃষ্ট নিরাপত্তা উদ্বেগ ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চাপের কারণে এই বৃদ্ধি ঘটেছে।
ন্যাটোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপীয় সদস্য দেশ ও কানাডার সম্মিলিত প্রতিরক্ষা ব্যয় ৫৭০ বিলিয়ন ডলারের বেশি হবে, যা আগের বছরের তুলনায় প্রায় ৯০ বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে।
ট্রাম্প তুরস্ককে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কর্মসূচিতে ফিরিয়ে আনার বিষয়ে আশ্বাস দিতে পারেন। ২০১৯ সালে রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
সম্মেলনে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে চলতি বছরে ৭০ বিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, নেদারল্যান্ডস ৩ বিলিয়ন ইউরোর বেশি মূল্যের প্রতিরক্ষা প্রকল্প ঘোষণা করবে।
ন্যাটো নতুন নজরদারি বিমান কেনার পরিকল্পনা করেছে এবং কানাডা জার্মানির টিকেএমএসের কাছ থেকে সর্বোচ্চ ১২টি সাবমেরিন কেনার সিদ্ধান্ত নিয়েছে।