প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। এটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘটে যেখানে কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হন।
আজ মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে বিস্তীর্ণ অংশ হেঁটে পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তার সফরের সময় ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
মহড়ার সময় প্রধানমন্ত্রী সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন এবং যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ ও রণকৌশল সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। তিনি সেনা বাঙ্কারে গিয়ে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী সেনাসদস্যদের উৎসাহিত করতে গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছে যান এবং তাঁদের খোঁজখবর নেন। পরবর্তীতে তিনি মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার খান এবং তাঁদের সঙ্গে চা পান করেন।
মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর ফলে উপস্থিত সেনাসদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্যে বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। তিনি জাতীয় সংকট ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন এবং পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।