বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা।

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, এমপির সঙ্গে আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এক সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকটি বিরোধীদলীয় নেতার বাসভবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে আগামী দিনে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করতে উভয় দেশ একযোগে কাজ করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে তিস্তা ব্যারেজ মহা পরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ ইকোনমিক করিডোর এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সমস্যার আশু সমাধান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তনে চীন সরকারের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরা হয়। দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ ও সাংস্কৃতিক বিনিময়ে এই বন্ধুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং ও পলিটিকাল এ্যাটাচে রু কি উপস্থিত ছিলেন। বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

বিজ্ঞাপন