জুলাই গণঅভ্যুত্থান দমনে বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি জানান, জুলাই-আগস্ট আন্দোলনের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে আওয়ামী লীগের অপরাধের সংশ্লিষ্টতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এজন্য তদন্ত সংস্থার একটি অভিজ্ঞ দল কাজ করছে, তবে তদন্ত শেষ করতে কিছু সময় লাগবে।
আমিনুল ইসলাম বলেন, "অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছে তদন্ত দল।" তিনি উল্লেখ করেন, যদি তদন্তে অপরাধের সত্যতা প্রমাণিত হয়, তাহলে বিচারে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি দলটির সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে ট্রাইব্যুনাল আইনে।
তিনি আরও জানান, এই বিচার ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাস বিরোধী আইন উভয়েই করা সম্ভব। উল্লেখ্য, এসব আইন বিভিন্ন সময়ে সংশোধন করে আওয়ামী লীগের বিচারের ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে।
প্রসিকিউশন জানিয়েছে, দলের প্রধান মৃত্যদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ অন্যান্য নেতাদের মানবতাবিরোধী অপরাধের তথ্য-প্রমাণ আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রেও উপস্থাপন করা হবে।