ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুলের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে সহযোগিতার জন্য জার্মানিকে 'কড়া মূল্য দিতে হবে' এবং তাদের জবাবদিহি করতে হবে।
বাঘেই মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে ভাডেফুলের বক্তব্যকে 'চরম লজ্জাজনক' উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, ইরানের জনগণের বিরুদ্ধে সংঘটিত 'যুদ্ধাপরাধে' জার্মানির ভূমিকার জন্য দেশটিকে দায় স্বীকার করতে হবে।
তিনি লেখেন, 'ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে জড়িত থাকার জন্য জার্মানিকে সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনতে হবে। এই আগ্রাসনের অপরাধে সক্রিয় অংশগ্রহণের জন্য তাদের ভারী মূল্য বহন করতে হবে।'
জার্মান পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি দাবি করেছিলেন যে, হরমুজ প্রণালিতে পেতে রাখা মাইন অপসারণের ব্যয় ইরানকে বহন করা উচিত। তার এই মন্তব্যের পরেই তেহরান কড়া প্রতিক্রিয়া জানায়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। এ প্রণালি ঘিরে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে বিরোধ নতুন নয়, সাম্প্রতিক পাল্টাপাল্টি বক্তব্য সেই উত্তেজনাকেই আরও উসকে দিয়েছে।