চীন ও রাশিয়া যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। এই মহড়া চীনের পূর্ব উপকূলের কিংদাও শহরের কাছে ইয়েলো সাগরে ৬ থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়াটির নাম "জয়েন্ট সি-২০২৬"। এই মহড়ায় দুই দেশের নৌবাহিনী সমুদ্র ও আকাশপথে যৌথ অভিযান পরিচালনা করবে।
মহড়া শেষে প্রশান্ত মহাসাগর এলাকায় যৌথ টহলও দেওয়ার পরিকল্পনা রয়েছে। চীনের নর্দান থিয়েটার কমান্ডের তথ্যমতে, মহড়ায় অংশগ্রহণ করবে ২টি ডেস্ট্রয়ার, ১টি করে ফ্রিগেট, সাবমেরিন, রসদবাহী ও উদ্ধারকারী জাহাজ।
এদিকে, সব যুদ্ধজাহাজ ইতোমধ্যে কিংদাও বন্দরে পৌঁছেছে। রাশিয়ার পক্ষ থেকে অংশ নিচ্ছে একটি করে ক্রুজার, করভেট, ডিজেলচালিত সাবমেরিন ও উদ্ধারকারী জাহাজ।