২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের কিক-অফ এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়া ও বজ্রপাতের ঝুঁকির কারণে এটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় সকাল ৭টা) শুরু হবে।
ফিফার এক বিবৃতিতে বলা হয়, খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে স্টেডিয়ামে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, কিক-অফ এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। এই ঘোষণার পর স্টেডিয়ামের ভেতরে থাকা অনেক দর্শক অসন্তোষ প্রকাশ করেন।
আজতেকা স্টেডিয়ামের ওপর বজ্রপাত, বজ্রধ্বনি, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দর্শক ও গণমাধ্যমকর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়।
ফিফার বজ্রপাত সংক্রান্ত নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত হলে খেলা স্থগিত রাখতে হবে। টানা ৩০ মিনিট বজ্রপাত না হলে তবেই ম্যাচ শুরু বা পুনরায় চালু করা যাবে।