সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নেতানিয়াহুর মতে, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ‘চমৎকার’

নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে সম্পর্ককে ‘চমৎকার’ উল্লেখ করেছেন, দুই দেশের কৌশলগত লক্ষ্য অটুট রয়েছে।

নেতানিয়াহুর মতে, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ‘চমৎকার’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ককে ‘চমৎকার’ বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, দুই দেশের মধ্যে কৌশলগত লক্ষ্য এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তি অটুট রয়েছে।

রোববার (৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘৯৯ শতাংশ ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি এক। তবে ঘনিষ্ঠ বন্ধুত্বের মতো কখনও কখনও মতবিরোধ হয়। সেসব বিষয় আমরা খোলামেলাভাবে আলোচনা করি।’

নেতানিয়াহু ইরানকে ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের লক্ষ্য ভিন্ন, এমন ধারণা নাকচ করে দেন। তার দাবি, উভয় দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে একই উদ্দেশ্য সামনে রেখে কাজ করছে। তিনি বলেন, ‘আমরা চাই ইরান তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করুক।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভবিষ্যতে যেকোনো সমঝোতা হলেও, আমি প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত ইরানকে কখনও পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেব না।’

নেতানিয়াহু ইসরায়েলের সামরিক অভিযান এবং যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’-এর পর প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন। তিনি মধ্যপ্রাচ্যে সম্পাদিত বিভিন্ন শান্তি চুক্তির উদাহরণ তুলে ধরে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগিতায় ইসরায়েল চারটি গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি সম্পন্ন করেছে।

লেবাননের সঙ্গে হওয়া সমঝোতার প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ‘লেবাননের সাধারণ মানুষ হিজবুল্লাহ'র প্রভাব থেকে মুক্ত হতে চায়। আমি আশা করি, ভবিষ্যতে আরও শান্তি চুক্তি সম্ভব হবে।’

নেতানিয়াহু পশ্চিমা দেশগুলোতে ইসরায়েলবিরোধী আন্দোলনের প্রসঙ্গে বলেন, এসব আন্দোলন যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাবও উসকে দেয়। তিনি বলেন, ‘যারা ইসরায়েলকে ঘৃণা করে, তারা আমেরিকাকেও ঘৃণা করে।’

নেতানিয়াহু সাবেক ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার প্রসঙ্গ টেনে বলেন, সেখানে ‘ট্রাম্পের মৃত্যু হোক’ স্লোগানও দেওয়া হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের গুরুত্বের ওপর আবারও জোর দেন।

নেতানিয়াহুর ভাষ্য, ‘আমাদের জোট অভিন্ন কৌশলগত স্বার্থ এবং মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠেছে। সেই ভিত্তি অটুট থাকলে আমাদের মিত্রতাও শক্তিশালী থাকবে।’

বিজ্ঞাপন