বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার হতাশা লুকিয়ে রাখেননি ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তবে, তিনি এই হারকে শেষ নয় বরং দলের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, পুরো দলই ভীষণ হতাশ। তার বিশ্বাস, এবারের বিশ্বকাপে ব্রাজিল অসাধারণ না হলেও ভালো ফুটবল খেলেছে এবং শেষ ম্যাচে জয়ের দাবিদার ছিল। তিনি বলেন, 'আমরা সবাই ভীষণ দুঃখিত। কারণ আমি মনে করি, দলটি হয়তো অসাধারণ একটি বিশ্বকাপ খেলেনি, কিন্তু অবশ্যই ভালো একটি বিশ্বকাপ খেলেছে।'
শেষ ম্যাচের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে আনচেলত্তি আরও বলেন, 'আমার বিশ্বাস, আজকের ম্যাচে জয়ের দাবিদার ছিলাম আমরা।'
তিনি পরাজয়কে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানিয়ে বলেন, 'কঠিন সময়ই নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা দেয়।'
আনচেলত্তি যোগ করেন, 'এমন একটি মুহূর্তের মধ্য দিয়ে গেলে আপনাকে ভাবতে হবে, এই হারই একটি নতুন অভিযাত্রার শুরু, একটি নতুন মৌসুমের সূচনা।' বিশ্বকাপের স্বপ্ন ভেঙে গেলেও তার মন্তব্য স্পষ্ট করে যে, বর্তমান দলকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আস্থা রাখছেন তিনি।
তার বিশ্বাস, এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী দল হিসেবেই ভবিষ্যতে ফিরে আসবে ব্রাজিল।