ভেনেজুয়েলায় ৫ দিন আগে ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পের পর জরুরি সেবার কর্মীরা ১২ বছরের একটি শিশুকে জীবিত উদ্ধার করেছেন। সোমবার লা গুয়াইরার একটি ভবনের ধ্বংসস্তুপ থেকে তাকে উদ্ধার করা হয়।
এর আগে, ভূমিকম্পের ১০৬ ঘণ্টা পর ২১ বছরের এক তরুণকেও জীবিত উদ্ধার করা হয়। সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে প্রায় ২০০ ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং কয়েকশ ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের ফলে প্রাণহানির সংখ্যা ১ হাজার ৭শ জনের বেশি হয়েছে এবং ৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছে।
মার্কিন মহাকাশ সংস্থা নাসার স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ভেনেজুয়েলায় সংঘটিত দুইটি শক্তিশালী ভূমিকম্পে ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে থাকতে পারে।