ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। ৪৮ দলের মধ্যে ১২ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে রাউন্ড অব ৩২ পর্বে উঠেছে সেরা ৮ তৃতীয় স্থান অর্জনকারী দলগুলো।
নকআউট রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কানাডা ও দক্ষিণ আফ্রিকা। রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
আন্তর্জাতিক ফুটবলে দক্ষিণ আফ্রিকা ও কানাডা এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছে। ২০০৭ সালে ডারবানে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২-০ গোলে জয়ী হয়েছিল।
প্রতিযোগিতামূলক ম্যাচে আফ্রিকার কোনো দলের বিপক্ষে কানাডা এখনও জয়ের দেখা পায়নি। ২০০১ সালের কনফেডারেশনস কাপে ক্যামেরুনের কাছে ২-০ এবং ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল তারা।
কানাডার সম্ভাব্য একাদশে রয়েছেন: ম্যাক্সিম ক্রেপো, অ্যালিস্টায়ার জনস্টন, লুক ডি ফুগেরোলস, ডেরেক কর্নিয়াস, রিচি ল্যারিয়া, তাজন বুকানন, নাথান সালিবা, স্টিফেন ইউস্টাকিও, লিয়াম মিলার, জোনাথন ডেভিড এবং কাইল লারিন। আলফঁসো ডেভিস হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দলে ফিরলে তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: রনওয়েন উইলিয়ামস, খুলিসো মুদাউ, ইমে ওকোন, এমবেকেজেলি এমবোকাজি, অব্রে মোদিবা, তেহোহো মোকোয়েনা, থালেহন্টে এমবাথা, থাপেলো মাসেকো, রেলেবোহিলে মোফোকেং, অসউইন অপোলিস এবং এভিডেন্স মাকগোপা। সাসপেনশনের কারণে দলের অভিজ্ঞ মিডফিল্ডার থেম্বা জোয়ানে এই ম্যাচে খেলতে পারবেন না।
নকআউট পর্বের এই ম্যাচে যে দল নিজেদের শক্তির জায়গাগুলো সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারবে এবং দুর্বলতাগুলো আড়াল করতে পারবে, তারাই ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নেবে।