মার্কিন পপতারকা টেইলর সুইফটের বিয়ের গুঞ্জন সম্প্রতি শোনা যাচ্ছে। প্রেমিক এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে আগামী ২ জুলাই নিউইয়র্কে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।
বিয়ের আয়োজন নিয়ে গায়িকার পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। জানা গেছে, বিয়ের কার্ডও ছাপানো হয়নি এবং অতিথিদের ফোনের মাধ্যমে দাওয়াত দেওয়া হচ্ছে। অনুষ্ঠানের ভেন্যুও গোপন রাখা হয়েছে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে টেইলরের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। তবে সংবর্ধনা অনুষ্ঠানে দুই হাজার অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে।
বিয়ের পরবর্তী অনুষ্ঠান ৩ জুলাই আয়োজন করা হতে পারে। এরই মধ্যে ট্র্যাভিস কেলসির টিম ‘কানসাস সিটি চিফস’-এর বেশ কয়েকজন খেলোয়াড় ম্যানহাটনের বিলাসবহুল হোটেলে রুম বুকিং করেছেন।
এছাড়া, ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের আশপাশের রাস্তাও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং ভেন্যুর বাইরে একটি অস্থায়ী তাবু টানানো হয়েছে। ‘ইউনিক প্রোডাকশনস’ নামের একটি সংস্থা এই আয়োজনের দায়িত্বে রয়েছে।
গত বছর আগস্টে টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি বাগদান সেরেছেন। তবে বিয়ের তারিখ সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেননি তারা।