ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ রুমানা আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্তবর্তী কাশিনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রুমানা কাশিনগর মধ্যপাড়া (আটাশ কলোনী) এলাকার ইউনুছ প্রকাশ ইনসাফ আলীর স্ত্রী। বিজয়নগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুমানার বসতঘর তল্লাশি করা হয়। তল্লাশি চলাকালে তার ঘরে পৃথকভাবে মোড়ানো প্যাকেটে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, গ্রেফতারকৃত রুমানা পূর্বাঞ্চল সীমান্তের চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদক মালখানায় জমা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, রুমানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।