শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

শ্রীবরদী সীমান্তে ৯ বাংলাদেশি আটক, মানব পাচারের চেষ্টা ব্যর্থ

শ্রীবরদী সীমান্তে ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি, তাদের মধ্যে ৪ জন শিশু রয়েছে।

শ্রীবরদী সীমান্তে ৯ বাংলাদেশি আটক, মানব পাচারের চেষ্টা ব্যর্থ

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে চারজন শিশু রয়েছে।

বৃহস্পতিবার উপজেলার কর্ণঝোড়া বিওপির একটি টহলদল হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে রাত ১০টার দিকে আটককৃতদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। বিজিবি ও শ্রীবরদী থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ ও বিজিবি জানায়, স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে যাওয়ার চুক্তি করেন আটককৃতরা। তাদের মধ্যে সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়া উল্লেখযোগ্য।

আটককৃতরা বুধবার রাতে ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীতে আসেন এবং সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়ি এলাকার জঙ্গলে অবস্থান নেন। বিজিবির কঠোর নজরদারির কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি।

শুক্রবার রাতে ভারতে প্রবেশের পরিকল্পনা থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানিয়েছেন, আটক ৯ জনের মধ্যে চারজন শিশু রয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মানব পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন