ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনে র্যাবের অভিযান চালিয়ে চালককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে র্যাব-৯ (সিপিসি-১) এই অভিযান পরিচালনা করে।
সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী কন্টেইনার ট্রেনটি রাত সাড়ে ১১টায় আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রা বিরতি করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল ট্রেনের ইঞ্জিনে তল্লাশি চালায় এবং সেখানে ভারতীয় গাঁজা ভর্তি একটি বস্তা উদ্ধার করে।
র্যাব-৯ (সিপিসি-১) কোম্পানি কমান্ডার নূর নবী বলেন, "গোপন খবরের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে একটি বস্তা ভর্তি গাঁজা উদ্ধার করি।" তিনি আরও জানান, মাদক চোরাকারবারির সাথে জড়িত থাকার অভিযোগে ট্রেনের চালক মো. শাহজাহান মিয়াকে (৫০) আটক করা হয়েছে।
আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে এবং উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিকে আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত চালক মাদক পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই চক্রের সাথে অন্য কারা জড়িত তা বের করতে তদন্ত চলছে বলেও জানান তিনি।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "র্যাব-৯ (সিপিসি-১) মামলা দিলে মাদকসহ আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।"