শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নরসিংদীতে কুকুরকে নদীতে নিক্ষেপ: যুবক আটক

নরসিংদীতে কুকুরকে নদীতে নিক্ষেপের অভিযোগে যুবক আটক।

নরসিংদীতে কুকুরকে নদীতে নিক্ষেপ: যুবক আটক

নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নদীতে নিক্ষেপের অভিযোগে মোহাম্মদ আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে আটক করা হয় বলে জানান নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন।

আটক মোহাম্মদ আলী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। ওসি এ আর এম মামুন জানান, একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একজন লোক খালি গায়ে একটি কুকুরের গলায় রশি লাগিয়ে রশির অপর প্রান্তে ইট বেঁধে কুকুরটিকে ব্রিজের উপর থেকে নদীতে ফেলে দিচ্ছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নরসিংদী জেলা পুলিশের দৃষ্টিগোচর হয় এবং পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে নাগরিয়াকান্দি এলাকা থেকে আটক করে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ নামক ফেসবুক আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়।

আটক যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা এ ধরনের নিষ্ঠুরতা প্রতিরোধের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন