কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সংঘর্ষের ফলে ইথান আহমেদ নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়, যা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র্যাব অভিযান পরিচালনা করছে।
রাতের ঘটনার পর আজ সকালে স্থানীয় বাসিন্দারা কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল স্কুলের সামনে মাদক বিরোধী মানববন্ধন করেন। এরপর দুপুরে অস্ত্রধারীরা মানববন্ধনের আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে, যার ফলে পথচারী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।
গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথান আহমেদকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ইথানের মা সোনিয়া আক্তার জানান, তার ছেলে স্কুলের বিরতিতে টিফিন খেতে বের হয়েছিল এবং সেই সময় পিঠে গুলি লাগে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।