রাজধানীর বংশালের সিদ্দিক বাজারে অবস্থিত ঢাকা প্যালেস আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মো. শামিম হাসনাত (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক।
মৃত শামীম হাসনাতের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শশেয়দিঘী গ্রামে। তার বাবার নাম মৃত আবুল কাশেম। নিহতের বড় ভাই মোশারফ হোসেন জানান, শামীম কোনো কাজ করতেন না এবং হাত খরচ নিয়ে চলতেন। তিনি প্রায় দশ বছর আগে বিয়ে করেছিলেন, তবে বিয়ের দুই মাসের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়।
মোশারফ হোসেন আরও বলেন, শামীম নিয়মিত ইয়াবা সেবনে আসক্ত ছিলেন, যার কারণে তাদের বাবা তাকে ২০১৮ সালে বাড়ি থেকে বের করে দেন। তিনি জানান, আজ কর্মস্থলে এসে টেলিফোনে জানতে পারেন যে তার ভাই ওই হোটেলে মৃত অবস্থায় পড়ে আছেন।
হোটেলের মালিক মো. আবদুল কাদির জানান, গতকাল রাত থেকেই শামীমের কক্ষটি বন্ধ ছিল। আজ সকালে হোটেলের ঝাড়ুদার সাহিদা বেগম কক্ষের দরজা ধাক্কা দিলে তিনি শামীমকে বিবস্ত্র অবস্থায় পড়ে দেখতে পান। পরে তারা স্থানীয় থানাকে খবর দেন।
ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, আজ সকালে খবর পেয়ে বংশাল থানাধীন সিদ্দিক বাজারের ঢাকা প্যালেসের চতুর্থ তলার ১২১ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হোটেলের ম্যানেজারের কাছ থেকে জানা গেছে যে, গত ঈদের পর থেকে শামীম হাসনাত ওই কক্ষে ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু ঘটেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব হবে।