শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
ধর্ম

পবিত্র আশুরা: ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের দিন

আজ পবিত্র আশুরা, ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের দিন।

পবিত্র আশুরা: ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের দিন

আজ শুক্রবার পবিত্র আশুরা, যা হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের ১০ তারিখ। মুসলিম উম্মাহর জন্য দিনটি ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব বহন করে এবং একই সঙ্গে গভীর শোকের দিন।

৬১ হিজরির ১০ মহররম এই আশুরার দিনে ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাতের ঘটনা ঘটে। ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে তিনি ও তাঁর পরিবার ও সঙ্গীরা শাহাদাত বরণ করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী প্রদান করে পবিত্র আশুরার মহান শিক্ষা ধারণ করে একটি শান্তিপূর্ণ, মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি গণমাধ্যমগুলো দিনটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।

রাজধানী ঢাকাসহ সারা দেশে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল, কোরআনখানি, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শিয়া সম্প্রদায় দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও শোকাবহ পরিবেশে পালন করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় বিশ্লেষকরা বলেন, কারবালার ঘটনা অন্যায় ও জুলুমের বিরুদ্ধে নৈতিক প্রতিরোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগ ও মানবিক মর্যাদা রক্ষার শিক্ষা যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে আসছে।

বিজ্ঞাপন