শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
ধর্ম

ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড-২৬: তিন প্রতিষ্ঠানের অর্জন, বিশেষ সম্মাননা দুই উদ্যোক্তার

ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড-২৬ এ তিন প্রতিষ্ঠান ও দুই উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়েছে।

ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড-২৬: তিন প্রতিষ্ঠানের অর্জন, বিশেষ সম্মাননা দুই উদ্যোক্তার

দেশে দ্বিতীয়বারের মতো ‘ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড-২৬’ প্রদান করা হয়েছে। নারীবাদী সবুজ জলবায়ু রূপান্তর এবং টেকসই অর্থনীতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিন প্রতিষ্ঠান ও দুই তৃণমূল উদ্যোক্তাকে পুরস্কার প্রদান করেছে একশনএইড বাংলাদেশ। বুধবার (২৪ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এবারের পুরস্কার মূলত ‘ইয়ুথ-লেড গ্রিন এন্টারপ্রেনারশিপ’ এবং ‘এসএমই’ বিভাগে প্রদান করা হয়েছে। ‘ইয়ুথ-লেড গ্রিন এন্টারপ্রেনারশিপ’ বিভাগে পুরস্কার পেয়েছে ‘স্বচ্ছ’ এবং ‘ওয়ার্ল্ড লিংকআপ’। অন্যদিকে, ‘এসএমই’ বিভাগে পুরস্কার অর্জন করেছে ‘ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড’।

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার, যুবকদের জলবায়ু সচেতনতা ও সবুজ প্রযুক্তির প্রসার এবং স্থানীয় কাঁচামাল ব্যবহার করে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব হস্তশিল্প তৈরির মাধ্যমে টেকসই অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার লাভ করেছে।

সমাজে টেকসই পরিবেশ ও কর্মসংস্থানে বিশেষ অবদানের জন্য এ বছর দুজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন—বগুড়ার নারী উদ্যোক্তা শারমিন আক্তার এবং ঠাকুরগাঁওয়ের সৌরবিদ্যুৎ-ভিত্তিক উদ্যোক্তা সোলেমান আলী। শারমিন আক্তার উচ্ছিষ্ট কাপড় ও সুতা থেকে দড়ি তৈরি করে ২ শতাধিক মানুষের কর্মসংস্থান করেছেন, যাদের বেশিরভাগই নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ।

অন্যদিকে, সোলেমান আলী কৃষকদের সেচকাজে স্বল্প খরচে সৌরবিদ্যুৎ ব্যবহারের মডেল তৈরি করেছেন। তাঁর উদ্ভাবনী ‘ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র’ মডেলটি বিদ্যুৎ সংকটের সময়ে স্থানীয় কৃষকদের জন্য সহায়ক হয়েছে।

অনুষ্ঠানে একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, ন্যায্য ও নারীবাদী রূপান্তরে এসএমই এবং তরুণ উদ্যোক্তাদের স্বীকৃতি দিতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি জলবায়ু ও পরিবেশের টেকসই রূপান্তরের সাথে মানুষের মানসিকতা ও সংস্কৃতির যোগসূত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে ‘স্পটলাইট স্পিকার’ হিসেবে আফজাল হোসেন বলেন, নারীর কাছে পাওয়া অনুভবের পাঠশালা এই পৃথিবী। প্রকৃতি যেভাবে সবকিছুকে লালন করে, নারীরাও ঠিক সেভাবেই সমাজকে আগলে রাখে।

‘ফেমিনিস্ট গ্রিন অ্যাকশন অ্যাওয়ার্ড’ গত বছর একশনএইড বাংলাদেশের উদ্যোগে শুরু হয়, যার উদ্দেশ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং করপোরেট প্রতিষ্ঠানকে স্বীকৃতি ও উৎসাহিত করা।

বিজ্ঞাপন