হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো সম্প্রতি সৌদি আরবে অবস্থানকালে ইসলাম গ্রহণ করেছেন। এই তথ্য জানিয়েছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ।
আল-শেখের বরাতে জানা গেছে, এসপোসিতো সৌদি আরবে শুটিং চলাকালে ইসলাম ধর্মের মৌলিক বিশ্বাসের ঘোষণা ‘শাহাদা’ পাঠ করেন। পরে তিনি প্রোডাকশন টিমের সদস্যদের সঙ্গে একটি মসজিদে নামাজেও অংশ নেন।
জিয়ানকার্লো এসপোসিতো হলিউডের খ্যাতনামা অভিনেতা, যিনি বিশেষ করে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ 'গাস ফ্রিং' চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। এই সিরিজের জন্য তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন এবং একাধিক পুরস্কার মনোনয়ন পেয়েছেন।
এছাড়া, তিনি ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের স্পিনঅফ 'বেটার কল সল' এবং 'দ্য ম্যান্ডালোরিয়ান' সহ বিভিন্ন বড় বাজেটের হলিউড প্রজেক্টেও কাজ করেছেন।
তুর্কি আল-শেখ জানিয়েছেন, সৌদি আরবে কাজের সময় স্থানীয় মুসলিম কমিউনিটির সঙ্গে যোগাযোগ এবং আতিথেয়তায় মুগ্ধ হয়ে এসপোসিতো ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি সেখানে পাওয়া অভিজ্ঞতার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, এসপোসিতো একটি মসজিদের ভেতরে প্রোডাকশন টিমের সদস্যদের সঙ্গে একসাথে নামাজ আদায় করছেন। সৌদি আরব বর্তমানে আন্তর্জাতিক বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে সম্প্রসারণের লক্ষ্যে বিদেশি শিল্পীদের অংশগ্রহণ বাড়াচ্ছে।