প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব বাবা দিবস’। আজ ২১ জুন, সারা বিশ্বে নানা উৎসাহ ও আবেগের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই বিশেষ দিনটি।
বাবা হলেন সন্তানের জন্য বটবৃক্ষের মতো ছায়া এবং পরম নির্ভরতার প্রতীক। বাবার প্রতি সন্তানের রক্তের টান এবং ভালোবাসা সবসময় অপরিবর্তিত থাকে। এই দিবসটি বাবাদের প্রতি সন্তানের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের একটি বিশেষ সুযোগ।
বিশ্ব বাবা দিবসের ইতিহাস ১৯০৮ সালের ৫ জুলাই আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টের একটি গির্জায় প্রথম উদযাপনের মাধ্যমে শুরু হয়। সনোরা স্মার্ট ডড নামের এক নারীর উদ্যোগে ১৯১০ সালের ১৯ জুন প্রথমবারের মতো বাবার জন্য এই দিবস পালিত হয়।
ডড তার বাবাকে ভীষণ ভালোবাসতেন এবং মায়ের মৃত্যুর পর তার বাবা উইলিয়াম স্মার্ট একা হাতে ডডসহ অন্যান্য ভাইবোনদের বড় করেছিলেন। বাবার জন্য আলাদা দিবসের প্রয়োজনীয়তা অনুভব করে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন।
১৯১৩ সালে আমেরিকান সংসদে বাবা দিবসকে রাষ্ট্রীয় ছুটির দিন ঘোষণার জন্য একটি বিল উত্থাপন করা হয়। ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন জুন মাসের তৃতীয় রবিবারকে আনুষ্ঠানিকভাবে ‘বিশ্ব বাবা দিবস’ হিসেবে ঘোষণা করেন।
আজকের দিনে সন্তানেরা বাবার সঙ্গে সুন্দর সময় কাটানো, উপহার দেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার প্রতি অনুভূতি প্রকাশ করার রেওয়াজ পালন করেন। এই বিশেষ দিনটি সন্তানদের মনে করিয়ে দেয়, বাবার প্রতি ভালোবাসা প্রকাশের জন্য সময় বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।