শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
ধর্ম

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি আল মুজাহিদী ১৯ জুন মারা গেছেন।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান কবি আল মুজাহিদী ১৯ জুন শুক্রবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কবি আল মুজাহিদী ১৯৪৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে তিনি পরিচিত। তাঁর কবিতায় বাংলাদেশের মাটি, মানুষ, ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের গভীর অন্বেষণ ফুটে উঠেছে।

মৃত্তিকার সঙ্গে মানুষের সম্পর্ক, প্রকৃতি, প্রেম, জাতীয় চেতনা এবং আত্মদর্শন তাঁর কাব্যজগতের প্রধান অনুষঙ্গ। আল মুজাহিদী দীর্ঘ সাহিত্যজীবনে কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন।

তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। তিনি দীর্ঘ সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের সাহিত্যাঙ্গনে নতুন লেখকদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বাংলাদেশ সরকার তাঁকে ২০০৩ সালে একুশে পদকে ভূষিত করে। তাঁর সাহিত্যকর্মে গ্রামীণ জীবনের গন্ধ, ইতিহাস, নৃতত্ত্ব, সমাজ ও রাজনীতির গভীর পর্যবেক্ষণ রয়েছে।

দুই বাংলার সাহিত্যপ্রেমীদের কাছে তিনি সমানভাবে সমাদৃত ছিলেন। কবি আল মুজাহিদীর প্রয়াণ বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। সাহিত্য অনুরাগীরা মনে করেন, তাঁর কবিতা, চিন্তা ও সাহিত্যকর্ম ভবিষ্যৎ প্রজন্মকে দীর্ঘদিন প্রেরণা জোগাবে।

বিজ্ঞাপন