শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
ধর্ম

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতার অঙ্গীকার

বাংলাদেশ নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতার অঙ্গীকার

বাংলাদেশ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে ইউএন উইমেনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। এ লক্ষ্যে সংস্থাটির সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে দেশে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করা হয়। বর্তমান সরকারের অধীনে মেয়েদের স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রজনন স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস বাংলাদেশের নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতায় অগ্রগতির প্রশংসা করেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ার বিষয়েও অভিনন্দন জানান।

তিনি নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। সিমা বাহাউস শান্তি প্রতিষ্ঠা ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীদের অবদানের প্রশংসাও করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের জন্য মানবিক সহায়তায় অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ জানান। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের বিষয়টিও তুলে ধরেন।

বিজ্ঞাপন