মরক্কোর তারকা ডিফেন্ডার নুসাইর মাজরাউই পেশাদার ফুটবল থেকে অবসরের কথা ভাবছেন। ২৮ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপের পর তিনি পুরোপুরি মনোযোগ দিতে চান কোরআন মুখস্থ করা এবং ধর্মীয় সেবায় নিজেকে নিয়োজিত করার দিকে।
২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে গত মার্চে দেওয়া এক সাক্ষাৎকারে মাজরাউই স্পষ্টভাবে ইঙ্গিত দেন, এই টুর্নামেন্টই হতে পারে তার শেষ আন্তর্জাতিক আসর। তিনি বলেন, 'আমি হয়তো বিশ্বকাপের পর অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি। জীবন খুব ছোট। আমি কোরআন মুখস্থ করতে চাই এবং একদিন মসজিদের ইমাম হতে চাই।'
মাজরাউইয়ের এই মন্তব্য চলতি বিশ্বকাপে নতুন করে আলোচনায় এসেছে। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের তারিখ নিশ্চিত করেননি, তবে ধারণা করা হচ্ছে—ধর্মীয় শিক্ষায় নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করার পরিকল্পনা থেকেই এমন সিদ্ধান্তের কথা ভাবছেন।
কোরআন মুখস্থ করা বা ‘হিফজ’ সম্পন্ন করা একটি দীর্ঘ ও নিবিড় প্রক্রিয়া, যা সম্পূর্ণ করতে বছরের পর বছর অধ্যবসায় প্রয়োজন। ইমাম হওয়ার জন্য প্রয়োজন গভীর ধর্মীয় জ্ঞান ও কমিউনিটি নেতৃত্বের দক্ষতা।
ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি মাজরাউই সাম্প্রতিক সময়ে ইসলামিক ফিনটেক প্রতিষ্ঠান ওয়াহেদ-এর সঙ্গে যুক্ত হয়েছেন। মার্চে তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদার ও শেয়ারহোল্ডার হিসেবেও যুক্ত হন, যা তার ব্যক্তিগত আগ্রহ ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।
মাজরাউইয়ের ভবিষ্যৎ সিদ্ধান্ত এখন ক্রীড়াঙ্গনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক পরিসরেও ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।