ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে, এ পর্যন্ত ১০ হাজার মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তিনি জানান, বর্তমানে ১ হাজার ৮০০ জন বিভিন্ন হোল্ডিং সেন্টারে রয়েছেন এবং প্রতিদিন তাদের ফেরত পাঠানোর কাজ চলছে।
মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে শুভেন্দু এই তথ্য জানান। তিনি বলেন, অনুপ্রবেশকারী এবং ভারতীয় নাগরিকদের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারা ভারতীয় নাগরিক নন।
শুভেন্দু অধিকারী সীমান্ত নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তর করা হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, "১০ হাজার বের করেছি। ১২টি হোল্ডিং সেন্টারে ১৮০০ অপেক্ষা করছে। প্রতিদিন ওপারে পাঠাচ্ছি। বেড়া দেওয়ার আগে যারা পালাতে চান, তারা পালিয়ে যান। আমার ডাকে সাড়া দিয়ে হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে। যদি আপনাদের পরিচিত কেউ থাকে, তাদেরকে বলুন তাড়াতাড়ি চলে যেতে।"