ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ বিলিয়ন ডলার তহবিল ছাড়ের বিষয়ে একটি চুক্তি হয়েছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের মতে, এই আলোচনা সফল হয়েছে।
গালিবাফ জানান, আলোচনার পরবর্তী পর্যায়ে একটি উচ্চপর্যায়ের কমিটি অন্তর্ভুক্ত থাকবে। তিনি বলেন, "আমরা ১ হাজার ২০০ কোটি ডলার তহবিল ছাড়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছি। এই অর্থ ৬০০ কোটি করে দুই ধাপে তেহরান পাবে।"
লেবানন প্রসঙ্গে গালিবাফ উল্লেখ করেন যে, ইরান এবং যুক্তরাষ্ট্র সমন্বয়ের জন্য একটি কমিটি গঠনে সম্মত হয়েছে। এই কমিটি যেকোনো বিরোধ নিষ্পত্তিতে কাজ করবে এবং পুনরায় যুদ্ধ শুরু না হওয়া, বাসিন্দাদের স্বাভাবিক জীবনে ফেরা ও ইসরায়েলের দখলকৃত এলাকাগুলো খালি করতে সহায়তা করবে।
মোহাম্মদ গালিবাফ বলেন, "যুদ্ধ এখন থেমে গেছে। অধিকাংশ বাসিন্দা নিজেদের বাড়িতে ফিরেছেন। আমরা দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্তগুলো এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।"
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান পারমাণবিক কর্মসূচি পরিদর্শনে আন্তর্জাতিক আণবিক সংস্থাকে অনুমতি দিতে রাজি হয়েছে। তবে তেহরান এই দাবিকে প্রত্যাখ্যান করেছে।
ট্রাম্প সতর্ক করে বলেন, "ইরান যদি চুক্তি মেনে না চলে, তাহলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমি সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিই।"
এছাড়া, গালিবাফ জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন থেকে তেহরান পরিচালনা করবে। প্রণালির তত্ত্বাবধানে একটি সমন্বয় ব্যবস্থা তৈরি করা হবে, যাতে একটি হটলাইন ব্যবস্থা ও একটি কমিটি অন্তর্ভুক্ত থাকবে।