ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান লড়াই চালিয়ে যেতে দেশটিকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা থেকে মুক্ত হতে হবে। তিনি বলেন, ইসরাইলকে নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (২৩ জুন) পশ্চিম তীরের গুশ এৎজিয়নে রিজার্ভ যুদ্ধ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এ মন্তব্য করেন। তিনি বলেন, "গত কয়েক বছর ধরে আমাদের আমেরিকান বন্ধুদের কাছ থেকে যে সমর্থন আমরা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। তবে এখন আমাদের নিজেদের অস্ত্র তৈরি করতে হবে।"
নেতানিয়াহু আরও জানান, "আমাদের নিজেদের অস্ত্র আমাদেরই তৈরি করতে হবে। আমরা এখন ইরান এবং তাদের মিত্রদের মোকাবিলা করছি।" তিনি দাবি করেন, ইরান ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ইসরাইলের শক্তি বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে।
নেতানিয়াহু বলেন, "আমরা তাদের ওপর কঠোর আঘাত হেনেছি। বিষয়টি এখনও শেষ হয়নি, তবে এটি আমাদের শক্তির ওপর নির্ভর করছে। আগামী ৩০ বছরে আমরা কোথায় থাকব, তা নির্ভর করবে আমাদের শক্তির ওপর।"
নেতানিয়াহুর এই মন্তব্য এমন সময় এসেছে, যখন ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা এবং ইসরাইলের সামরিক পদক্ষেপের ওপর সম্ভাব্য সীমাবদ্ধতা নিয়ে জেরুজালেমে উদ্বেগ বাড়ছে। তিনি চান ইসরাইলের স্বাধীন অস্ত্র উৎপাদন সক্ষমতা থাকুক।