প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রাথমিক শিক্ষার্থীদের শুধুমাত্র খেলাধুলায় নয়, বরং পড়ালেখা, গান, বাজনা, আবৃত্তি এবং সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হতে হবে।
শনিবার (২০ জুন) রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "খেলতে হবে মেসিদের মতো, যেতে হবে তাদের পর্যায়ে।" তিনি আরও জানান, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে দেশে ভবিষ্যতে আরও ভালো নেতৃত্ব গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।
টুর্নামেন্টের ফাইনালে বালক ক্যাটাগরিতে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। বরিশাল বিভাগ ১-০ গোলে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়।
বালিকা ক্যাটাগরিতে অংশ নেয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজশাহীর পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। জোরগাছা ইউনাইটেড ৪-২ গোলে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়।