রবিবার, ২১ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর বক্তব্য: সমুদ্র জাতীয় কৌশলগত সক্ষমতার ভিত্তি

প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রের কৌশলগত সক্ষমতা ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রীর বক্তব্য: সমুদ্র জাতীয় কৌশলগত সক্ষমতার ভিত্তি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একবিংশ শতাব্দীর বৈশ্বিক বাস্তবতায় সমুদ্র কেবল ভৌগোলিক সীমানার অংশ নয়; বরং এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যিক সংযোগ, জ্বালানি নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং জাতীয় কৌশলগত সক্ষমতার প্রধান ভিত্তি।

শনিবার ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO) এ বছরের প্রতিপাদ্য হিসেবে ‘Transforming How Ocean Data is Shared’ নির্ধারণ করেছে, যা সময়োপযোগী ও প্রাসঙ্গিক।

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে সমুদ্র-সংক্রান্ত তথ্যের আধুনিক, নিরাপদ, নির্ভুল ও কার্যকর আদান-প্রদান নিশ্চিত করা জাতীয় স্বার্থ সংরক্ষণ, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।’

বাংলাদেশের বিস্তীর্ণ সমুদ্র এলাকা দেশের অর্থনৈতিক শক্তি, সার্বভৌমত্ব ও ভবিষ্যৎ সমৃদ্ধির অন্যতম ভিত্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ সমুদ্রসীমায় রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য এবং বাণিজ্যিক সম্ভাবনা।’

তিনি আরও বলেন, ‘নিরাপদ নৌপথ নিশ্চিতকরণ, সমুদ্রতলের সঠিক মানচিত্র প্রণয়ন এবং উপকূলীয় অঞ্চলের পরিকল্পিত উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক কার্যক্রম অপরিহার্য ভূমিকা পালন করছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশের সামুদ্রিক সম্পদের সুরক্ষা এবং সুনীল অর্থনীতির বিকাশে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা বদ্ধপরিকর জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে।’

তিনি ডিজিটাল হাইড্রোগ্রাফি, জিওস্পেশাল ডাটা ব্যবস্থাপনা এবং স্বয়ংক্রিয় তথ্যপ্রযুক্তির ব্যবহারকে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনকারী হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী শেষ করেন, ‘জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের সামুদ্রিক সম্ভাবনাকে পূর্ণমাত্রায় কাজে লাগানোর জন্য সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।’

বিজ্ঞাপন