পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভেচকি গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
মৃত দুই সহোদর হলো আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩)। তারা খাগড়াছড়ি জেলার মোহাম্মদ মহসিন মিয়ার সন্তান। খাগড়াছড়ি থেকে মঠবাড়িয়ার ভেচকি গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল তারা।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেলে উঠানে খেলা করার সময় দুই ভাইকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাদেরকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা রায় জানান, শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসা হলে তাদের মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে।