নাটোরের কাফুরিয়া গ্রামে শুক্রবার বিকেলে শিশু সন্তানের সামনে গলায় ওড়না প্যাঁচ দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী রাকিব হোসেন ও স্ত্রী লিজা খাতুন।
নিহত রাকিব হোসেন স্থানীয় দিনমজুর আনোয়ার হোসেনের ছেলে এবং পেশায় ভ্যান চালক ছিলেন। তার স্ত্রী লিজা খাতুন গৃহিণী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, রাকিব ও লিজার বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। সম্প্রতি তারা আবার সংসার শুরু করেন, কিন্তু দারিদ্র্যের কারণে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।
শুক্রবার দুপুরে রাকিব ও তার বাবা আনোয়ার হোসেন স্থানীয় মসজিদ থেকে জুম্মার নামাজ আদায় করে বাড়িতে ফেরেন। এরপর পরিবারের সদস্যরা দুপুরের খাবার খেয়ে নিজ নিজ ঘরে চলে যান।
বিকেলে শিশু সন্তানের কান্না শুরু হলে পরিবারের সদস্যরা দরজায় ডাকাডাকি করেন, কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দারিদ্র্য ও ঝগড়ার ফলে তারা আত্মহত্যা করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।