শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নড়াইলে বিয়ের গেটে বিদ্যুতায়িত হয়ে কনের চাচার মৃত্যু

নড়াইলে বিয়ের অনুষ্ঠানে বরকে মিষ্টিমুখ করানোর সময় বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

নড়াইলে বিয়ের গেটে বিদ্যুতায়িত হয়ে কনের চাচার মৃত্যু

নড়াইলে ভাইয়ের মেয়ের বিবাহ অনুষ্ঠানে বরকে মিষ্টিমুখ করানোর সময় বিদ্যুতায়িত হয়ে নকুল মল্লিক (৫২) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মুশুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নকুল মল্লিক সদর উপজেলার মুশুড়ি গ্রামের সতীশ চন্দ্র মল্লিকের ছেলে। নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই গ্রামের নকুল কুমার মল্লিকের ভাই মুকুন্দ মল্লিকের মেয়ের বিবাহ অনুষ্ঠান চলছিল।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বর পক্ষের লোকজন আসলে নকুল কুমার মল্লিকসহ অন্যরা গেটে বরকে মিষ্টি খাওয়ানোর জন্য যান। এ সময় গেটের বিদ্যুতে অসাবধানতাবশত নকুল বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। জেলা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিপিকা রাণী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতারে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন