শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা একনেকে অনুমোদন হবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী জানান, শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা একনেকে অনুমোদন পাবে।

শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা একনেকে অনুমোদন হবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের মতো শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পাবে।

শুক্রবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘তিস্তা অববাহিকার সমস্যার একটি স্থায়ী সমাধান প্রয়োজন। উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তর ও উন্নয়নের জন্য বৃহৎ পরিসরে পরিকল্পনা বাস্তবায়ন জরুরি।’

তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা শুধু এ অঞ্চলের মানুষের জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে এ বিষয়ে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মন্ত্রী আরও বলেন, ‘প্রকল্পের কারিগরি বিভিন্ন দিক পর্যালোচনা করে টেকনিক্যাল টিম প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তিস্তা মহাপরিকল্পনা একনেক সভায় উপস্থাপন করা হবে।’

এ সময় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এবং টেকনিক্যাল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন