বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা দুই দফা মূল্যবৃদ্ধি ও এক দফা ভ্যাট সমন্বয়ের পর এবার দাম কমানো হলো।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায় বিক্রি হবে, যা পূর্বের দামের চেয়ে ৪ হাজার ৩৭৪ টাকা কম। এই নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের পূর্ববর্তী সমন্বয়ের ফলে বৃহস্পতিবার সকালে সোনার দাম ২ হাজার ৫০৮ টাকা ভ্যাটসহ বৃদ্ধি পায়। সেই সময়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা ছিল।