সরকার ব্যবসা-বান্ধব পরিবেশ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি কর কাঠামো তৈরি করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে এই তথ্য জানান।
তিনি বলেন, সরকারের লক্ষ্য বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সেমিনারে আলোচকেরা বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।
রাজধানীর সিরডাপে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তারা জানান, টানা চার বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ দিশেহারা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং মানুষের প্রকৃত আয় ও ক্রয় ক্ষমতা কমেছে।
র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেন, 'ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নতুন অর্থবছরের বাজেট স্বস্তিদায়ক। তবে সামষ্টিক অর্থনীতি চাপে থাকলে বাজেট বাস্তবায়ন করা কঠিন।'
তিনি আরও বলেন, 'উচ্চ মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে না পারলে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ কার্যকর হবে না।'
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, সরকার করের হার না বাড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির অর্থনৈতিক মডেলে যাচ্ছে।
এছাড়া, বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের আয়োজনে বাজেট পরবর্তী এই সেমিনারে বক্তারা বলেন, ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে হলে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।