বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় ইউরোপীয় ইউনিয়নের বাজার থেকে আশঙ্কাজনকভাবে কমেছে। ২০২৬ সালের প্রথম তিন মাসে আয় প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য।
ইইউ-এর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম তিন মাসে ইউরোপে ৫ হাজার ৬৮৭ মিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি হয়েছিল। চলতি বছরে তা কমে ৪ হাজার ৫৯১ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দার কারণে চলতি বছরের প্রথম তিন মাসে ইউরোপের সার্বিক পোশাক আমদানিতে ১১ দশমিক ছয় দুই শতাংশ হ্রাস ঘটেছে।
বাংলাদেশের রপ্তানি কমার হার প্রতিযোগী দেশগুলোর তুলনায় সবচেয়ে বেশি। এ সময় চীনের রপ্তানি ৮ শতাংশ, ভারতের ১০ শতাংশ এবং পাকিস্তানের ১৭ শতাংশ কমেছে। অন্যদিকে, বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের রপ্তানি মাত্র ২ শতাংশ কমেছে।