জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল।" মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ২০০৮ সালের পর দেশে কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না এবং সরকারই বিরোধী দলের ভূমিকা পালন করছিল। বর্তমানে সংসদে শক্তিশালী বিরোধীদলের ভূমিকা আবারও পরিলক্ষিত হচ্ছে। তিনি জানান, জনস্বার্থসহ বিভিন্ন বিষয়ে বিরোধীদল সক্রিয় ভূমিকা রাখছে এবং সামনে আরও শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে।
তিনি অতীতে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বাদানুবাদ এবং সংসদ থেকে বের হয়ে যাওয়ার ঘটনাগুলোর কথা উল্লেখ করে বলেন, "এই সংসদে একটি অধিবেশন কতটা ব্যয়বহুল, সেটা সবার জানা। সেই অর্থ যেন জনগণের কল্যাণে যায়, এজন্য বিরোধী দল জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বক্তব্য রাখে।"
জামায়াত আমির বলেন, "নরম ও গরম বিরোধী দল ভাববেন না। যৌক্তিক বিরোধী দল হতে চাই।" তিনি আরও জানান, যতদিন জনগণের পক্ষে সংসদে কথা বলতে পারবেন, ততদিন সংসদে থাকবেন।
এছাড়া, জুনের বাজেট ঘোষণায় জানুয়ারিতে নেয়া গেলে অর্থের অপচয় রোধ হবে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি বিরোধীদল সংসদে আবারও এই বিষয়ে জোর দিয়ে কথা বলবে বলে জানান।