মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের ইরান নিয়ে নতুন মন্তব্য

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানকে স্বাভাবিক দেশের মতো আচরণের আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের ইরান নিয়ে নতুন মন্তব্য

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স বলেছেন, ইরানকে স্বাভাবিক দেশের মতো আচরণ করতে হবে। তিনি জানান, এই শর্তের ভিত্তিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারকলিপি এগোচ্ছে।

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, চুক্তির শর্তগুলো মানলে ইরান ধীরে ধীরে আন্তর্জাতিক সুবিধা পাবে। এর মধ্যে রয়েছে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ত্যাগ করা এবং সন্ত্রাসী সংগঠনগুলোর অর্থায়ন বন্ধ করা।

তিনি উল্লেখ করেন, 'আমরা চাই তারা সফল একটি দেশ হোক, তবে শর্ত হলো—তাদেরকে দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র না তৈরির প্রতিশ্রুতি দিতে হবে।'

চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভ্যান্স ইউরেনিয়াম মজুতের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, চুক্তি অনুযায়ী ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ধ্বংস করা হবে।

এদিকে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার ইরান পারমাণবিক চুক্তির সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করেন ভ্যান্স। তিনি বলেন, ওই চুক্তি কার্যত ইরানের পারমাণবিক কর্মসূচিকে 'গতিশীল করে তুলেছিল'।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া, জার্মানি ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি বহুপক্ষীয় চুক্তির লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখা।

ভ্যান্স আরও দাবি করেন, বর্তমান প্রশাসনের অবস্থান ভিন্ন। তার মতে, ইরানের পারমাণবিক সক্ষমতা 'বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে' এবং তাদের দীর্ঘমেয়াদে এটি পুনর্গঠন না করার অঙ্গীকার করতে হবে—এর বিনিময়ে তারা আন্তর্জাতিক সুবিধা পাবে।

বিজ্ঞাপন