সাইবেরিয়ার ইরকুৎস্ক অঞ্চলে একটি রুশ 'টিইউ-২২ এম৩' কৌশলগত বোমারু বিমান প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না এবং ভূমিতে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনার তদন্তের জন্য রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সের একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে।
স্থানীয় প্রশাসন জানায়, উদ্ধারকর্মীরা ও ফায়ার ফাইটার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। চারজন ক্রু সদস্যই সময়মতো ইজেক্ট করে বেরিয়ে আসতে সক্ষম হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানটি খাড়া অবস্থায় বনাঞ্চলের দিকে নেমে এসে বিধ্বস্ত হয় এবং পরে বিশাল অগ্নিকাণ্ড ও ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়।
স্থানীয় গভর্নর ইগর কোবজেভ জানান, প্রাথমিকভাবে ইঞ্জিন বিকল হওয়াকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
উল্লেখ্য, 'টিইউ-২২ এম৩' হলো সোভিয়েত আমলে নির্মিত একটি সুপারসনিক কৌশলগত বোমারু বিমান, যা ন্যাটোতে ‘ব্যাকফায়ার’ নামে পরিচিত। এটি সিরিয়া ও ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহার করেছে রাশিয়া।